মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজারে গণ-ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা।

সোমবার (১৬ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মাসনুন আল আমিনের সভাপতিত্বে এবং সায়েম আহমদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সায়েম আহমদ, ‘দ্য রেড জুলাই’ এর নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাব্বি মিয়া, সালেহ আহমেদ, মাহবুব আহমেদ, সাকিব আহমেদ, পাপিয়া জান্নাত তমা, সুমন আহমদ, আলী হোসেন, ইমাজ আহমেদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজনে কয়েক শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, রমজানের শিক্ষা মানুষকে সহমর্মিতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের দিকে আহ্বান জানায়। সমাজে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

পরে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি সমাজে ন্যায়, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে ইফতারের মাধ্যমে, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন