- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মৌলভীবাজারে চারতলা ফ্ল্যাট থেকে পড়ে নারীর মৃত্যু, জিজ্ঞাসাবাদে যুবক

প্রতীকী ছবি এআই দিয়ে তৈরী

মৌলভীবাজার শহরের একটি আবাসিক ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উত্তর কলিমাবাদ এলাকার ‘আরজু ভিলা’ নামের ভবনে এ ঘটনা ঘটে। ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকা অবস্থায় ওই নারী জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করার সময় নিচে পড়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারী ও ওই যুবকের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কলিমাবাদ এলাকার লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন আরজু ভিলার চারতলার একটি ফ্ল্যাট থেকে শুক্রবার বিকেলে হঠাৎ এক নারী নিচে পড়ে যান। তাঁর পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বাসার লোকজন বাইরে থাকা অবস্থায় ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দের বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা তাঁদের ফোনে জানান। খবর পেয়ে তাঁরা দ্রুত ফিরে আসেন। এর মধ্যেই ওই নারী নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করছিলেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ওই নারীর মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন