- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫: প্রাইভেটকার ও অস্ত্র জব্দ

মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি দল আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া ওরফে হেলিম মিয়া ওরফে ছিকন আলী (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন ওরফে শাহ পরান ওরফে রূপন মিয়া (৩৭), মৌলভীবাজার সদর থানার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর (নসিবপুর) গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং
মৌলভীবাজার সদর থানার পতন (শাহবন্দর) গ্রামের মোঃ অভি (২৪)।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতদল পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের ধরা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারের ভেতর থেকে ১টি কাটার মেশিন, ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। গ্রেফতারকৃত শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে চুরি ও নারী নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া সেলিম মিয়ার বিরুদ্ধে ৫টি এবং মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধেও একাধিক চুরির মামলা রয়েছে।

এই ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

২ এপ্রিল ২০২৬

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন