মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধের দুই স্থানে ভেঙ্গে ২৫ গ্রাম প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দুই স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কমলগঞ্জ সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ১২টি গ্রামসহ উপজেলার ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ধলাই নদীর পানি বৃহস্পতিবার সকাল ৯টায় বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এর আগে বুধবার রাত ৯ টায় ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় এবং আজ বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের গঙ্গানগরে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দুই স্থানে ভাঙন দেখা দেয়। এতে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করায় ইসলামপুর ইউনিয়নের ভান্ডারিগাঁও, গঙ্গানগর, শ্রীপুর, মোকাবিল, কোণাগাঁও, বেড়িগাঁওসহ ১৫টি গ্রাম প্লাবিত হয়। এতে ওই এলাকার ফসলি জমি ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে যায়। পুকুর ও মাছের ঘের পানিতে ভেসে যায়। উজানের এই ঢলে আদমপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা, বন্দেরগাঁও, ভানুবিল, উত্তরভাগ, জালালপুরসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানিয়েছেন। পানিবন্দী মানুষজন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। পানিতে একটি মাধ্যমিক ও তিনটি প্রাথমিক বিদ্যালয় তলিয়ে যাওয়ায় ওই বিদ্যালয়গুলোতে সাধারণ ছুটি দেয়া হয়েছে।

এদিন সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রীয়াজ মাহুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওমর ফারুককে সঙ্গে নিয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মানবজমিনকে বলেন, ‘পর্যাপ্ত ত্রাণ রয়েছে। পানিবন্দীদের মধ্যে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন