মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে এক কর্মজীবী নারীকে চলন্ত প্রাইভেটকারে তুলে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিদিনের মতো সেদিন ভোরেও তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বটতলা বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
ভুক্তভোগী নিশি জানান, এসময় একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা যুবকরা তাকে শ্রীমঙ্গল পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। তবে তিনি তাদের প্রস্তাবে রাজি হননি। পরবর্তীতে বাজারে লোকসমাগম কমে গেলে নিশি বাড়ির দিকে রওনা হন।
নিশি আরও জানান, সে সময় গাড়িটি পুনরায় ফিরে আসে এবং এক যুবক গাড়ি থেকে নেমে তার মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক ভেতরে তোলার চেষ্টা করে। নিশি প্রাণপণ চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ‘খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
