মৌলভীবাজার-৩ আসনে ত্রিমুখী লড়াই: ভোটের মাঠে নতুন মেরুকরণ

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী এম. আব্দুল মান্নান। এতে করে মৌলভীবাজার- ৩ আসনে ঝিমিয়ে পড়া নির্বাচনী হাওয়ায় নতুন করে প্রাণসঞ্চার হয়েছে।

জেলা জামায়াতের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১০ দলীয় জোট এই আসনটিকে সবার জন্য ‘উন্মুক্ত’ করে দিয়েছে।

তবে আজ শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত এই ঘোষণার অপেক্ষায় গত কয়েকদিন ধরেই জামায়াতের কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল।

উল্লেখ্য, এ আসনে ১০ দলীয় জোটের এম. আব্দুল মান্নানের জনপ্রিয়তার কারণে গত ২২ জানুয়ারি তাকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছিলেন কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা। তাদের আপত্তির মুখে তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি।

এদিকে আজ বিকেলে প্রেসক্লাব মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিশাল এক শোডাউন করেন দাঁড়িপাল্লার এই প্রার্থী। আগামী ৭ জানুয়ারী জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানকে মৌলভীবাজারে স্বাগত জানিয়ে আয়োজিত এই মিছিলের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

আসনটি উন্মুক্ত থাকায় বর্তমানে এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে থাকছেন দুইজন—আহমদ বেলাল এবং এম. আব্দুল মান্নান। অন্যদিকে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসের রহমান। একই জোটের একাধিক প্রার্থী ও ধানের শীষের প্রার্থীর উপস্থিতিতে আসনটিতে এখন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন