মৌলভীবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

‎‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

‎শুক্রবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনু নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

‎স্থানীয় ও ইউপি সূত্রে জানা যায়, বিকেলে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে নামেন। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন