মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এক আধা-সরকারিপত্র (ডিও লেটার) প্রদানের মাধ্যমে তিনি এই দাবি জানান।
চিঠিতে নাসের রহমান উল্লেখ করেন, হাসপাতালের বর্তমান এলাকার অব্যবহৃত জায়গা অন্তর্ভুক্ত করে এবং কিছু পুরাতন ও পরিত্যক্ত ভবন ভেঙে সেখানে নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে অনায়াসেই “মৌলভীবাজার মেডিকেল কলেজ হাসপাতাল” স্থাপন করা সম্ভব।
এমপি নাসের রহমান তার প্রস্তাবে হাসপাতালের বর্তমান লে-আউট অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন:
১. একাডেমিক ভবন: হাসপাতালের ঠিক পেছনে (পূর্ব দিকে) একটি বড় খালি জায়গা রয়েছে, যেখানে অনায়াসেই দুটি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা সম্ভব।
২. আবাসিক হোস্টেল:হাসপাতালের দক্ষিণ-পূর্ব কোণায় থাকা দুটি পুরাতন পরিত্যক্ত আবাসিক ভবনের স্থানে ছাত্র-ছাত্রীদের জন্য দুটি বহুতল হোস্টেল নির্মাণ করা যেতে পারে।
৩. নার্সিং হোস্টেল: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত তিন তলা বিশিষ্ট নার্স ট্রেনিং সেন্টারটি বর্তমানে চালু থাকলেও, আবাসিক নার্সদের জন্য একটি পৃথক বহুতল নার্স হোস্টেল স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে।
৪. শয্যা বৃদ্ধি: মূল হাসপাতাল ভবনটিকে আরও দুই তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পুরাতন তিন তলা ভবনটি সংস্কার (Modify) করলে হাসপাতালের শয্যা সংখ্যা অনায়াসেই ৪০০-তে উন্নীত করা সম্ভব।
চিঠিতে তিনি আরও দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন অন্যান্য মেডিকেল কলেজ প্রকল্পের তুলনায় এই প্রস্তাবিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় অনেক কম হবে। মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সমন্বিত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হলে জেলার লাখো মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি উচ্চতর চিকিৎসা শিক্ষার দ্বার উন্মোচিত হবে বলে সচেতন মহল মনে করছেন।
