আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)- থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মহানবী (সা.) একটি চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন। তারপর যখন উঠলেন, তখন দেখা গেল তার শরীরে চাটাইয়ের দাগ পড়ে আছে।
আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ, আপনার জন্য একটি নরম বিছানার ব্যবস্থা করে দিই? জবাবে মহানবী (সা.) বললেন, দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? দুনিয়াতে আমি তো সেই সাওয়ারি-মুসাফিরের মতো, যে ক্লান্ত হয়ে একটু গাছের ছায়ার নিচে বিশ্রাম নেয়, তারপর গাছ ছেড়ে আবার চলে যায়। (তিরমিজি, হাদিস নং : ২৩৭৭)
হাদিসের শিক্ষা
১. দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাইতো মহানবী (সা.) দুনিয়াকে একটি গাছের ছায়ার সঙ্গে তুলনা করেছেন। যেমন একজন পথিক কিছুক্ষণ ছায়ায় বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করে, তেমনি মানুষের দুনিয়ার জীবনও খুবই অল্প সময়ের। প্রকৃত আবাস হলো আখিরাত।
২. দুনিয়ার ভোগ-বিলাসে মগ্ন হওয়া উচিত নয়। মহানবী (সা.) চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি সাধারণ জীবন বেছে নিয়েছিলেন।এজন্য দুনিয়ার প্রয়োজনীয় জিনিস গ্রহণ করা বৈধ, তবে ভোগ-বিলাসকে জীবনের লক্ষ্য বানানো উচিত নয়।
৩. সরল ও সাদাসিধে জীবন উত্তম। মহানবী (সা.)-এর শরীরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল, তবুও তিনি আরাম-আয়েশের প্রতি আগ্রহ দেখাননি। এটি তাঁর দুনিয়াবিমুখতা ও বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত।
৪. একজন মুমিন নিজেকে মুসাফির মনে করবে। মহানবী (সা.)-এর ভাষায়, মুমিন এই পৃথিবীতে একজন যাত্রী। তাই তার চিন্তা হবে— আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব এবং সফরের জন্য কী প্রস্তুতি নিয়েছি?
৫. আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। যাত্রী যেমন গন্তব্যের জন্য রসদ সংগ্রহ করে, তেমনি একজন মুমিনেরও নেক আমল, তাকওয়া ও ইবাদতের মাধ্যমে আখিরাতের পাথেয় সংগ্রহ করা উচিত।
৬. মৃত্যু ও আখিরাতকে স্মরণ রাখা উচিত। গাছের ছায়া ছেড়ে যেমন পথিক চলে যায়, তেমনি একদিন মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই মৃত্যু ও হিসাব-নিকাশের দিনের কথা স্মরণ করে জীবন পরিচালনা করা উচিত।
