নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিলেন ইসরাইলি সেনা (ভিডিও)

পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইসরাইলি এক রিজার্ভ সেনা। এ সময় ইসরাইলি ওই সেনার পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনি ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান।

বৃহস্পতিবার পশ্চিম তীরে অল-টেরেন ভেহিকল (এটিভি) নামের ওই গাড়ি চালিয়ে দেন তিনি। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যমে নামাজরত মুসল্লির ওপর গাড়ি চালিয়ে দেওয়ার নৃশংস ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনেকেই ইসরাইলি সেনাবাহিনীর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, এক ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সশস্ত্র এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। ওই ব্যক্তি ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ সেনা। ঘটনার পর তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, রিজার্ভ সেনা হিসেবে ইসরাইলি সামরিক বাহিনীর অর্পিত দায়িত্বের ‌‌‘গুরুতর লঙ্ঘন’ করায় তার অস্ত্রও জব্দ করা হয়েছে।

হামলার পর ওই ফিলিস্তিনি ব্যক্তি ঘটনাস্থল থেকে হাসপাতালে যান। গুরুতর আহত না হওয়ায় বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। ভুক্তভোগীর বাবা মাজদি আবু মোখো বলেছেন, হামলার পর তার ছেলের দুই পায়ে ব্যথা শুরু হয়েছে। ওই সেনা তার ছেলেকে লক্ষ্য করে পেপার স্প্রে নিক্ষেপ করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও যদিও ইসরাইলি ওই রিজার্ভ সেনাকে পেপার স্প্রে নিক্ষেপ করতে দেখা যায়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে মোখো বলেন, হামলাকারী একজন বসতি স্থাপনকারী। তিনি গ্রামের কাছে একটি তল্লাশি চৌকি স্থাপন করেছেন। অন্য বসতি স্থাপনকারীদের সঙ্গে পশুচারণের জন্য তিনি প্রায়ই মাঠে আসেন। এ সময় তিনি রাস্তা অবরোধ করেন এবং বাসিন্দাদের উসকানিও দেন।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় এবং তাকে পাঁচ দিনের জন্য গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তি গ্রামের ভেতরে গুলিও চালিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ওই রিজার্ভ সেনা তার ক্ষমতার গুরুতর লঙ্ঘন করেছেন।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন
https://twitter.com/i/status/2004268794278277496

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন