নেইমারকে বিশ্বকাপে নেওয়া ‘অযৌক্তিক’, সমালোচনায় আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপের একটি ম্যাচও শুরু হওয়ার আগেই প্রবল চাপের মুখে পড়েছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। অভিজ্ঞ তারকা নেইমারকে চূড়ান্ত দলে রাখার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ব্রাজিলের সাবেক গোলরক্ষক ভাগনার ফের্নান্দো ভেলোসো এই সিদ্ধান্তকে সরাসরি ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।

‘নোভাব্রাসিল এম কাম্পো’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ভেলোসো জানান, তিনি হলে কখনোই নেইমারকে বিশ্বকাপ দলে নিতেন না। তার মতে, দুর্দান্ত ফর্মে থাকা জোয়াও পেদ্রোকে বাদ দিয়ে নেইমারকে নেওয়া ফুটবলের অন্যতম বিস্ময়কর সিদ্ধান্ত।

ভেলোসো বলেন, ‘আমি হলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতাম না। নেইমারকে নিয়ে জোয়াও পেদ্রোকে বাদ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। পেদ্রো সব প্রতিযোগিতায় গোল করে চলেছে, আর নেইমার দুর্বল দলের বিপক্ষেও ঠিকমতো খেলতে পারছে না, তবু সে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, নেইমার নিজের সুবিধামতো ম্যাচ বেছে খেলেছেন। তার ভাষায়, `সে পালমেইরাস, ফ্লামেঙ্গো কিংবা বাহিয়ার বিপক্ষে খেলেনি। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে খেলেছে, যেন পার্থক্য গড়ে দিতে পারে। অথচ সেখানেও সে সফল হয়নি।‘

তবে সমালোচনার মাঝেও নেইমারকে দলে নেওয়ার পেছনে একটি কারণ দেখিয়েছেন ভেলোসো। তার মতে, বর্তমান ব্রাজিল দলে নেতৃত্ব, ব্যক্তিত্ব ও অনুপ্রেরণার অভাব রয়েছে। আর সেই জায়গা থেকেই সমর্থকদের কাছে কিছুটা আশা জাগিয়েছেন নেইমার।

তিনি বলেন, `এই দলে পরিচয় নেই, আকর্ষণ নেই, নেতা নেই। তাই নেইমারকে দলে নেওয়ায় সমর্থকদের মধ্যে কিছুটা আশা ফিরেছে। আমি বলছি না যে সে বিশ্বকাপে সব বদলে দেবে, কিন্তু অন্তত সে কারিগরি নেতৃত্ব দিতে পারে।‘

এদিকে সমালোচনা উপেক্ষা করে আবারও ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেইমার। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, দল ঘোষণার রাতে তিনি সারারাত কেঁদেছেন।

নেইমার বলেন, `আমি ভোর পর্যন্ত জেগে ছিলাম, বিভিন্ন ভিডিও দেখছিলাম। পুরো রাত কান্না করেছি। স্ত্রী ও মেয়েরা পাশে ঘুমিয়ে ছিল, আর আমি ভিডিও দেখতে দেখতে কাঁদছিলাম। কারণ এই পথটা সহজ ছিল না।‘

তিনি আরও বলেন, `সময়টা খুব কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু সার্থক মনে হয়েছে। ব্রাজিলকে প্রতিনিধিত্ব করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।‘

বিশ্বকাপ যত এগিয়ে আসবে, নেইমারকে ঘিরে বিতর্কও তত বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। তবে আনচেলত্তি বিশ্বাস করেন, অভিজ্ঞ এই তারকা তরুণ ব্রাজিল দলকে নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন