- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নেপালের ভয়াবহ বন্যায় ২০০ স্কুল শিক্ষার্থী নিখোঁজ

নেপালে ভয়াবহ বন্যায় ২০০-এর বেশি স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩টি জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে ৯টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৭টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এছাড়াও বন্যায় প্রায় ২০ জন শিক্ষার্থী পানির স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রলয়ংকারী এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া ও নুয়াকোট জেলা। এই দুই জেলার কয়েকটি স্কুল বন্যার পানিতে তলিয়ে গেছে বা মাটির নিচে চাপা পড়েছে। এসব স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত।

একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানির স্রোতে তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাসও ভেসে গেছে।

বিবিসির দক্ষিণ এশিয়া ভিজুয়াল জার্নালিজম বিভাগ স্যাটেলাইট ছবি ব্যবহার করে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থান চিহ্নিত করেছে।

এদিকে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশটির ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ও ভূগর্ভস্থ স্থাপনায় ৯০০ জনের বেশি মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত সীমান্তের তিব্বত অংশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নেপালে এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক। তিব্বতে নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন।

অনুসন্ধান ও উদ্ধারকাজে বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলে আগে জানিয়েছিল নেপাল। তবে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে মানুষ উদ্ধারে প্রতিবেশী ভারত ও চীনের বিশেষজ্ঞ সহায়তা নিচ্ছে দেশটি। সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন