অফিসে ছুটির আবেদন সাধারণত হয় একঘেয়ে ই-মেইল, ছোট্ট একটি মেসেজ কিংবা সরাসরি বসের কক্ষে গিয়ে। কিন্তু তালিয়া নামের এক তরুণী সেই চেনা পথ এড়িয়ে এমন এক অভিনব উপায়ে ছুটি চাইলেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বালিতে ঘুরতে যাওয়ার জন্য ১০ দিনের ছুটি দরকার ছিল তালিয়ার। কিন্তু সাধারণভাবে আবেদন না করে তিনি তৈরি করলেন একেবারে নেটফ্লিক্স ধাঁচের নাটকীয় ট্রেলার। যেন কোনো রহস্যঘেরা ডকুমেন্টারির টিজার চলছে।
ভিডিওর শুরুতেই এক সাক্ষাৎকারগ্রহণকারী তালিয়াকে প্রশ্ন করেন, ‘সম্প্রতি তুমি এত অস্থির কেন? কিছু কি স্বীকার করতে চাও?’
ক্যামেরার সামনে নার্ভাস মুখে বসে থাকা তালিয়া ধীরে ধীরে জানান, তাকে ফ্র্যাঙ্ক আর জ্যাককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে।
পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে। সাক্ষাৎকারগ্রহণকারী আবার জানতে চান, ‘তাহলে এ কারণেই তুমি এত অদ্ভুত আচরণ করছ?’
তালিয়া স্বীকার করেন, কথাটি বলার সাহস পাচ্ছেন না। সঠিক সময়টাও যেন খুঁজে পাচ্ছিলেন না।
এরপর সাক্ষাৎকারগ্রহণকারী বলেন, ‘সঠিক সময় এখনই। ’অবশেষে সব উত্তেজনার অবসান ঘটিয়ে তালিয়া বলে ফেলেন আসল কথা—তিনি বালিতে গিয়ে দারুণ সময় কাটানোর জন্য ১০ দিনের ছুটি চান।
ভিডিওর শেষটাও ছিল সিনেমার ট্রেলারের মতোই রহস্যে ভরা। বড় অক্ষরে ভেসে ওঠে প্রশ্ন—“উত্তর কি হবে ‘হ্যাঁ’, নাকি ‘না’?”
ভিডিওটি দেখে তালিয়ার দুই বস ফ্র্যাঙ্ক ও জ্যাকও হাসিতে ফেটে পড়েন। তারাও মজার ছলে বলেন, ‘এখন কি আমাদের উত্তরও ভিডিও বানিয়ে দিতে হবে?’
জবাবে তালিয়া জানান, শুধু ভিডিও হলেই হবে না, সেটিও হতে হবে ডকুমেন্টারি ট্রেলারের স্টাইলে।
পুরো বিষয়টি বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত বসরা হাসতে হাসতেই জানতে চান, “তাহলে এটা কি শুধু ‘হ্যাঁ’ বা ‘না’-এর ব্যাপার, নাকি তৃতীয় কোনো অপশনও আছে?”
