সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর আকমল হোসেন (৩৭) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আকমল হোসেন উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকমল হোসেন জাল ও নৌকা নিয়ে বল হাওরে মাছ ধরতে যান। রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে স্বজন ও স্থানীয় লোকজন হাওরের বিভিন্ন স্থানে তার সন্ধান শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বল হাওরে তার ব্যবহৃত নৌকা পাওয়া যায়। তবে নৌকায় তাকে পাওয়া যায়নি। পরে তার বড় ভাই মকবুল হোসেন মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর স্বজন ও স্থানীয়দের দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বল হাওরের পাড় থেকে আকমল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজ হওয়ার পর বল হাওরের পাড় থেকে আকমল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও নিহতের স্বজনরা রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
