নির্বাচনে অংশ নেবেন না এনসিপি নেত্রী মনজিলা সুলতানা ঝুমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও আইনজীবী মনজিলা সুলতানা ঝুমা।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

মনজিলা সুলতানা ঝুমা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীকে এনসিপির প্রার্থী হিসেবে তার নির্বাচন করার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম অন্তর্ভুক্ত হতে পারে, এমন আলোচনা চলছিল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, এনসিপি প্রাথমিকভাবে যে ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ আসনে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে এর আগেই তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

পোস্টের শেষাংশে মনজিলা সুলতানা ঝুমা উল্লেখ করেন, আজ অথবা কাল তরুণরাই সংসদে যাবেন—এমন বিশ্বাস তিনি রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন