নির্বাচনী আচরণবিধি অমান্যঃ সুনামগঞ্জে যুবদল নেতাকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি অমান্য করে রাস্তায় জনদূর্ভোগ সৃষ্টি করায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এম এ শহীদ নামে এক যুবদল নেতাকে অর্থদন্ড করা হয়েছে। এম এ শহীদ উপজেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ মধ্যনগর-ধর্মপাশা সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

একাধিক সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল নিয়ে রাস্তায় জনদূর্ভোগ সৃষ্টি করে একটি বিশাল শোডাউন বের হয়। পরে শোডাউনটি ধর্মপাশা উপজেলা বাদশাগঞ্জ হয়ে পূনরায় মধ্যনগর উপজেলা সদরের প্রবেশ করার সময় ভ্রাম্যমাণ আদালত রাস্তায় ওই শোডাউনটি আটকিয়ে যুবদল নেতা এমএ শহীদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকান্ড থেকে বিরত থাকতে সকলকেই সতর্ক করা হয়।
এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ শহীদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ জানিয়েছেন, নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করা আবশ্যক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি জানান, সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সচেতন থাকুন। আইন মেনে চলুন দেশ ও গণতন্ত্রকে সম্মান করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন