আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নবীগঞ্জ পৌর প্রশাসক সুলতানা জেরিন-এর পক্ষ থেকে পৌরসভার ৯টি পূজা মণ্ডপে খাবারের অরস্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে পূজা উদযাপনকালীন সময়ে ভক্ত ও দর্শনার্থীদের পানিশূন্যতা রোধ এবং তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নবীগঞ্জ পৌর প্রশাসকের কার্যালয় থেকে এই ব্যতিক্রমি ও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হয়।
পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও স্যালাইন হস্তান্তরকালে পৌর প্রশাসক সুলতানা জেরিন বলেন, “শারদীয় দুর্গোৎসব সর্বজনীন উৎসব। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে উৎসবমুখর ও সুস্থ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তীব্র গরমের কারণে মণ্ডপে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, উৎসবকালীন সময়ে পৌর এলাকার সার্বিক শৃঙ্খলা রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নিরাপদ পানি সরবরাহে পৌরসভা কর্তৃপক্ষ সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে।
স্যালাইন বিতরণ অনুষ্ঠানে নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিচালন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসকের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন বিভিন্ন পূজা মণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
