জেলা প্রশাসন হবিগঞ্জের সার্বিক সহায়তায় ও নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিউমদা ইউনিয়নে বাওয়ানী চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আনন্দঘন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অনিরুদ্ধ দেব রায়।
বুধবার দুপুরে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, “চা বাগানের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখা এবং তাদের শারীরিক পুষ্টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জেলা প্রশাসনের নির্দেশনায় ও সহায়তায় এই মিড ডে মিল কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে। পুষ্টিকর খাবার পাওয়ার ফলে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে উৎসাহী হবে এবং তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ উপজেলা ও জেলা প্রশাসনের এমন শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। এসময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
