হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগমকে (২৩) নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাই শাহীন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এর দিকনির্দেশনা ও নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে নিহত শাবানা বেগম দেনমোহর বাবদ প্রাপ্ত ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। সম্প্রতি উক্ত পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন রাজমিস্ত্রি শাহীন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহীন মিয়া বোন শাবানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই শাবানার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি শাহীনকে আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশ টানা অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে পরিচালিত এক সফল অভিযানে ঘাতক শাহীনকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বোন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য গত ২৯ আগষ্ট শনিবারে এই হত্যার ঘটনাটি ঘটে।
