- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

হবিগঞ্জের নবীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নবীগঞ্জ ​উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নবীগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ​

অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনসহ শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্কাউট সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধ ও জনস্বাস্থ্যের নিরাপত্তায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন