নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্র মঞ্জুর মিয়া হত্যা মামলার মূল হোতা হেলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে মামলার অপর আসামি নাসির মিয়া ও মাসুম মিয়াকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। পরে তাদেরকে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এসআই জয়ন্ত তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১৯ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
নিহত মঞ্জুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি একটি জমি ভোগদখল করে আসছিলেন খলিলুর রহমান। অপরদিকে একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামান পক্ষ ওই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
ঘটনার দিন সকালে হেলাল মিয়া ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, যা রক্তক্ষয়ী রূপ নেয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দুলাল মিত্র্যা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
