নবীগঞ্জে কমিউনিটি ভলান্টিয়ারদের শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শিশু সুরক্ষা কমিউনিটি হাবের কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) ও পিয়ার লিডারদের (পিএল) অংশগ্রহণে দুই দিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় নবীগঞ্জ পৌরসভা কনফারেন্স হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীগঞ্জ উপজেলার পিভিএইচপি (PVHP) প্রকল্পের কমিউনিটি হাব অর্গানাইজার মো. হৃদয় মিয়া।

প্রশিক্ষণ চলাকালে কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অতিথিদের সামনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও শিশু সুরক্ষায় কমিউনিটি হাবের ভূমিকা তুলে ধরা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার কমিউনিটি হাব অর্গানাইজার (সিএইচও) মো. হৃদয় মিয়া এবং আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলার সিএইচও রুজিনা আক্তার।

বুধবার (১৫ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সমাপনী বক্তব্যের মাধ্যমে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচালিত শিশু সুরক্ষা কমিউনিটি হাবের মাধ্যমে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ক্ষতিকর সামাজিক প্রথা দূরীকরণ এবং শিশু সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন