নবীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মঞ্জুর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সিতার মিয়াকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিতার মিয়া উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জের বেগমপুর গ্রামের মঞ্জুর হত্যা মামলার পর থেকেই সিতার মিয়া আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত দাশের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অলিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় এলাকাটি চারপাশ থেকে ঘিরে সিতার মিয়াকে গ্রেফতার করেন। দীর্ঘদিনের এই আত্মগোপন শেষে তাকে আইনের আওতায় আনায় এলাকায় স্বস্তি ফিরেছে। নবীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।