হবিগঞ্জের নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের মো. পিন্টু মিয়ার ছেলে মো. রাহুল আহমেদ এবং একই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে মো. নিহাদ আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি রোড এলাকায় জড়ো হয়ে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেন নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে মো. রাহুল আহমেদ ও মো. নিহাদ আহমেদকে আটক করে পুলিশ।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে
