- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে উপজেলা প্রশাসনের অভিযানের পরও কমেনি যানজটের ভোগান্তি। উচ্ছেদ ও সতর্কতামূলক নানা উদ্যোগের পরেও কোনো ইতিবাচক পরিবর্তন না আসায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা পথচারীরা। ​

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিশেষ করে শহরের প্রধান বাজার এলাকা, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ যানবাহন পার্কিং এবং যত্রতত্র গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। চালকরা ট্রাফিক নিয়ম তোয়াক্কা না করে যেখানে-সেখানে সিএনজি অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন। এর পাশাপাশি রাস্তার দুই পাশ দখল করে বসানো হয়েছে অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানপাট। ফলে চলাচলের স্বাভাবিক পথ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ​

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, যানজটের কারণে সামান্য পথ অতিক্রম করতেই ঘণ্টার পর ঘণ্টা সময় পার হয়ে যাচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, জরুরি চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও সাধারণ চাকরিজীবীরা প্রতিদিন মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। ​যানজট নিরসনে সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা ও উচ্ছেদ অভিযান চালানো হলেও অভিযানের পরপরই পরিস্থিতি আবার পূর্বের জায়গায় ফিরে যায়। স্থায়ী কোনো সুফল না মেলায় পৌরবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।​এলাকাবাসী অবিলম্বে অবৈধ পার্কিং বন্ধ, ফুটপাত ও প্রধান সড়ক থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ এবং শহরের যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, সরকারি জায়গা অবৈধ দখলদারীদের ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ৩১ অক্টোবরের বিতরে সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা অপসারণ না করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুরুদ্ধ দেব রায় বলেন, যানজট নিরসনে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আমাদের অভিযান শেষ হতে না হতেই একশ্রেণীর স্থায়ী ব্যবসায়ী সাময়িক ব্যক্তিস্বার্থ ও লাভের আশায় নিজেদের দোকানের সামনের রাস্তা ও ফুটপাত অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ভাড়া দেন। যানজট মুক্ত শহর গড়তে ও জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ফুটপাত ও সড়ক দখলকারীদের বরদাশত করা হবে না। যাঁরা ব্যক্তিস্বার্থের জন্য পুরো শহরকে যানজটের মুখে ঠেলে দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে দ্রুতই কঠোর আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, শুধু সাময়িক অভিযান নয়—অবৈধ দখলদার ও তাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে স্থায়ী ও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পৌরবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন