- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা, ফুটপাত দখল উচ্ছেদ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ​বুধবার বিকেলে শহরের ব্যস্ততম থানা পয়েন্ট ও গাজীরটেক পয়েন্ট মধ্য বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। ​অভিযানকালে পেট্রোলিয়াম আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, সড়ক পরিবহন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১৩ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরণের প্রশাসনিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ​

অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন