নবরূপে প্রাচীনতম বেহরাম বে মসজিদ

বসনিয়া ও হার্জেগোভিনার তুজলা শহরের প্রাচীনতম মসজিদ বেহরাম বে মসজিদ। রমজানকে কেন্দ্র করে মসজিদটি দীর্ঘ সংস্কারকাজ শেষে আবারও স্বগৌরবে উদ্বোধন করা হয়েছে। বেহরাম বে মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে ঈমান-আকিদা, শিক্ষা ও সংস্কৃতির আধ্যাত্মিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এর সুউচ্চ মিনার, নান্দনিক সম্মুখভাগ এবং শৈল্পিক অভ্যন্তরীণ নকশা এটাকে বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামী স্থাপত্য ঐতিহ্যের অনন্য নিদর্শনে পরিণত করেছে।

মসজিদের মিহরাব ও দেয়ালজুড়ে খচিত সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি অটোমান ও ঐতিহ্যবাহী বসনিয়ান স্থাপত্যরীতির অপূর্ব সমন্বয়কে তুলে ধরে। প্রবেশপথের বাঁ পাশে থাকা ১৯৪২ সালের একটি প্রার্থনাকক্ষ মসজিদের দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করে।

১৫৩৩ সালে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি তুজলা শহরের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে যে স্থাপত্যরূপ লাভ করেছিল, তা আজও অক্ষুণ্ন রয়েছে।

শক্ত ইটে নির্মিত একক হলঘরটি পুরু দেয়ালে বেষ্টিত, যার ওপর প্রায় ১৭ মিটার উঁচু একটি গম্বুজ শোভা পাচ্ছে। পাশাপাশি প্রায় ২৩ মিটার উচ্চতার মিনারটি দূর থেকেই মসজিদের ঐতিহ্যবাহী উপস্থিতির জানান দেয়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যমূল্যের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার স্মৃতিস্তম্ভ সংরক্ষণ কমিটি মসজিদটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে। ইসলামিক কমিউনিটি অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এর তত্ত্বাবধানে প্রায় ২১ লাখ বসনিয়ান মার্ক ব্যয়ে মসজিদটির ব্যাপক সংস্কার সম্পন্ন হয়।

এনডাউমেন্টস দিবসের কর্মসূচির অংশ হিসেবে ২০২৫ সালের ৫ মে আনুষ্ঠানিকভাবে মসজিদটি আবার খুলে দেওয়া হয়। মসজিদের ইমাম শেখ ইসমাইল ফাদলোভিচ জানান, সংস্কারের পর রমজান উপলক্ষে মসজিদটি আবার উদ্বোধন মুসল্লিদের জন্য এক বিশেষ ও আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেছে। তাই সংস্কারের পর মুসল্লিদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। বহু মানুষ এই ঐতিহাসিক স্থাপনায় আবার নামাজ আদায়ের সুযোগ পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ করেছে। সূত্র : আলোকা নেটওয়ার্ক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন