মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের উন্নয়নের জোয়ার যখন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে তখন দেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে। কোনও পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে স্থানীয় বিএনপি আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রতিবাদ মিছিলে অংশ নেন।
নাসির উদ্দিন আহমেদ বলেন, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন করে, জনমনে আতঙ্ক ছড়িয়ে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে দেশের মাটিতে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন,‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। প্রভুদের খুশি করতেই তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে। পরাজিত শক্তির আস্ফালনে বিভ্রান্ত না হয়ে সরকারের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহবায়ক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হুসেন, পৌর যুবদলের আহবায়ক শফিকুজ্জামান শফিক ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম প্রমূখ।
