নতুন স্বৈরাচারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার কিংবা জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিলেটের বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে এনসিপির পদযাত্রা কর্মসূচি পালনের কথাও উল্লেখ করা হয়।

বক্তব্যে নাহিদ ইসলাম হবিগঞ্জে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা করে তার একটি চোখ নষ্ট করে দেওয়া হয়েছে।’’ এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, ‘‘এ ধরনের হামলার মাধ্যমে নতুন বাংলাদেশে কী বার্তা দেওয়া হচ্ছে, তার জবাব জনগণের কাছে দিতে হবে।’’ ওই শিক্ষার্থীর ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘‘দেশে ফিরে নতুন বাংলাদেশের যে পরিকল্পনার কথা বলা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।’’ তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের ছবি-পোস্টার ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল বা আধিপত্য বিস্তার করলে তা মেনে নেওয়া হবে না। অতীতে বঙ্গবন্ধুর নামে যেমন ব্যবসা হয়েছে, তেমনি এখন জিয়াউর রহমানের নামেও কোনো ব্যবসা হতে দেওয়া হবে না।”

দেশে গণতন্ত্র, বিচার, সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা, কর্মসংস্থান এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘জনগণের কথা বলার অধিকার এবং ভোটাধিকার রক্ষা করতে হবে।’’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ‘‘সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে।’’ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো ধরনের কারচুপি বা ভোট ডাকাতি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনেও যদি জনগণের রায় উপেক্ষিত হয়, তাহলে দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হবে। জনগণকে এখন থেকেই সজাগ থাকতে হবে।”

সমাবেশে কানাইঘাটের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত প্রার্থী গোলাম বোরহান উদ্দিন ইউসুফের পক্ষে ভোট চান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘নির্বাচিত হলে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সীমান্ত হত্যা ও মাদকের বিরুদ্ধে কাজ করবেন।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন