হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে সাধারণ মানুষকেই বাদী হয়ে এসব অপরাধের বিরুদ্ধে মামলা করতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মাধবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা একটি সরকারকে পালাতে বাধ্য করেছেন। তাহলে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না—এটা বিশ্বাস করি না।” তিনি আরও বলেন, “দীর্ঘ ৫৫ বছর আমরা পেছনের দিকে তাকিয়েছি, এখন সময় এসেছে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার।”
তিনি নতুন প্রজন্মের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তাদের সম্মান জানিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা বিএনপি সভাপতি মো. শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল ও মিনহাজ চৌধুরী কাসেদ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং নারী উদ্যোক্তা সাবানা চৌধুরী প্রমুখ।
