হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার গভীর রাতে ওই এলাকায় বালু ফেলে রাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ভোররাতে (প্রায় ৪টার দিকে) জব্দকৃত বালু অবৈধভাবে একটি ট্রাকে লোড করার চেষ্টা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান চলাকালে বালুভর্তি একটি ট্রাকসহ এক চালককে আটক করা হয়। আটক ট্রাকচালক হলেন মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মো. নূর রহমান। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।
তিনি বলেন, চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়ভাবে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
