ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা ও গণইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি ডিগ্রি কলেজ শাখা।
শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কলেজ সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। এতে প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, আব্দুস সামাদ, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তিহান তালুকদার, বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, দক্ষিণ সভাপতি জেবুল আহমদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, বড়লেখা শহর সেক্রেটারি এমদাদুল হক এমাদসহ ছাত্রশিবিরের উপজেলা ও কলেজ শাখার দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা দেখেছি, বিরোধী মতের ওপর ধারাবাহিকভাবে হামলা করা হচ্ছে। ফ্যাসিবাদীরা পুনরায় দেশে আস্ফালন দেখাতে শুরু করেছে। তারা আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের রাজনীতিতে পুনর্বাসন করার পায়তারা চলছে।
তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনীতি করার সুযোগ পেয়ে তারা এখন সেই অভ্যুত্থানের সঙ্গেই গাদ্দারি করছে। তারা জনগণের ম্যান্ডেটের তোয়াক্কা না করে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার চেষ্টা করছে।
বক্তারা বদর দিবসে শহীদদের স্মরণ করে বলেন, বদরের শিক্ষা ধারণ করে আগামী দিনে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রামকে আরও জোরদার করতে হবে।
