- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি, আলোচনায় যা থাকছে

আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণ চীনের শেনঝেন শহরে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার সময় বিশ্বের প্রধান এই তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার হ্রাসের বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট বিশ্বাস করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিশ্বের বৃহত্তম এই তিন পারমাণবিক শক্তির বৈঠকে ইরান প্রসঙ্গ নিয়েও আলোচনা হতে পারে, তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। অবশ্য এই ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে মস্কো এবং বেইজিংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনা থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই।

২১টি সদস্য দেশের অংশগ্রহণে দুই দিনব্যাপী অ্যাপেক সম্মেলনে যোগ দিতে আগামী বুধবার (১৮ নভেম্বর) রাতে শেনঝেনে পৌঁছাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুই নেতার মধ্যে চতুর্থ বৈঠক।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চীন সফর শেষ করবেন।’

চীন সফরের আগে আগামী মঙ্গলবার ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসংঘের সংস্থা (আসিয়ান) শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, এই সফর আমেরিকান জনগণের জন্য ‘ঐতিহাসিক সাফল্য’ বয়ে আনবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত করবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারগুলোর ওপর কোনো কার্যকর বিধিনিষেধ না থাকায় স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ সহযোগিতার একপ্রকার সমাপ্তি ঘটে।

জাতিসংঘ কোনো বিলম্ব না করে উভয় পক্ষকে একটি নতুন কাঠামোতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি চীনকে অন্তর্ভুক্ত করে আরও উন্নত একটি চুক্তির মাধ্যমে আগের চুক্তিটি প্রতিস্থাপন করতে চান। উল্লেখ্য, চীন সাম্প্রতিক সময়ে দ্রুত তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে।

অবশ্য সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং বিশ্লেষকেরা বিবিসিকে বলেছেন, বেইজিং ও মস্কোর সহযোগিতা আদায় করা অত্যন্ত কঠিন হবে এবং এ ধরনের চুক্তিতে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে পুতিন এবং ট্রাম্পকে আলাদাভাবে আতিথেয়তা দিয়েছিলেন সি চিনপিং। এ ছাড়া গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প।

গতকাল শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, অ্যাপেক সম্মেলনের ফাঁকে সি চিনপিং ‘দ্বিপক্ষীয়’ বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে চীনা গণমাধ্যমে কিছু উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সম্মেলনে এ ধরনের আলোচনার বিষয়ে ‘প্রস্তুতির ইতিবাচক সংকেত’ পাওয়া গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন