- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল পুড়ে ছাই

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল আগুনে পুড়ে গেছে। গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জমিদার আমলে নির্মিত ঐতিহ্যবাহী নাট্যশালাটি পরবর্তী সময়ে ঝলমল সিনেমা হল হিসেবে ব্যবহৃত হতো। দীর্ঘদিন ধরে সিনেমা হলটি বন্ধ রয়েছে। বর্তমানে হলটিতে আসবাবপত্র নির্মাণ কারখানা ও গ্যাস সিলিন্ডারের গোডাউন হিসেবে ব্যবহার হতো। হলের সামনের অংশে ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় রয়েছে।

জানা গেছে, রাত ২টার দিকে গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

কারখানার মালিক তাজ উদ্দিন ভুট্টো জানান, আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর তিনি জানতে পেরেছেন। আগুনে তার এক কোটি টাকার বেশি কাঠ, নির্মাণাধীন আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানান তিনি।

এলপিজি স্টোরের মালিক তানভীর আহমেদ জানান, গত রাতে ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডারের একটি চালান গোডাউনে রেখেছিলেন তিনি। আগুনে সব পুড়ে গেছে। এতে তিনি প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে জানান।

গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খবিরুল আলম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে এলেও সকালের দিকে ভবনের ভেতরে ফার্নিচার কারখানায় আবারও আগুন জ্বলতে দেখা যায়। পরে গৌরীপুর ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে।

গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান জানান, ঝলমল সিনেমা হলটি রাষ্ট্রীয় সম্পত্তি। সিনেমা হল পরিচালনার জন্য লিজ দিয়েছিল সরকার। বর্তমানে কারা কোন অবস্থায় ব্যবহার করছে ও আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন