বিপিএল শুরুর ঠিক আগে মালিকানা বিতর্ক নিয়ে উত্তাল ছিল চট্টগ্রাম রয়্যালস। মাঠের পারফরম্যান্সে সেসব ছাপিয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নেয় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে প্রস্তুতির সময়ে আজ (রোববার) চোটের কবলে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির সেরা পেসার শরিফুল ইসলাম।
সিলেটের আউটার মাঠে আজ বিপিএলের বিরতিতে অনুশীলনে নামে চট্টগ্রাম। এ সময় সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে প্রচণ্ড আঘাত পান শরিফুল। পরিস্থিতি বিবেচনায় দ্রুতই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শরিফুলের মাথায় স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
শরিফুলের বর্তমান অবস্থা নিয়ে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন জানান, চিন্তার তেমন কোনো কারণ নেই। তিনি বলেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, বড় কোনো সমস্যা নেই।’ হাসপাতাল থেকে শরিফুল ইতোমধ্যে টিম হোটেলেও ফিরে গেছেন।
বিপিএল শুরুর আগের দিন নাটকীয়ভাবে মালিকপক্ষ দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বিসিবি এই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করছে। কোচিং ও সাপোর্ট স্টাফেও আনা হয়েছে আমূল পরিবর্তন। এই টানাপোড়েনের মধ্যেও প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম। সেই ম্যাচে ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে জয়ের বড় ভূমিকা রেখেছিলেন শরিফুল। তাঁর দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা এখন চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়।
