ওসির কার্যালয় যেন কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত না হয়: জি কে গউছ

কোনো থানার ওসির কার্যালয় যেন রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত না হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ। তিনি বলেন, অতীতে থানার ওসিদের কার্যালয় রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল না। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। শনিবার (১১ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনসম্পৃক্ততা ও আইন-শৃঙ্খলা উন্নয়নে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ।

হুইপ জি কে গউছ বলেন, একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। শুধু পুলিশ জনগণের বন্ধু হলেই হবে না, জনগণকেও পুলিশের বন্ধু হয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে বিভিন্ন কারণে পুলিশ ইচ্ছায়-অনিচ্ছায় এমন অনেক মামলা করেছে, যেখানে মৃত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মিথ্যা মামলায় অসংখ্য মানুষ দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে পরিচালিত প্রতিটি উদ্যোগে পুলিশকে আন্তরিক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদেরও জনস্বার্থে পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না- সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি হিসেবে জেলা পুলিশের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান।

সভাপতির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান বলেন, জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ মতবিনিময় সভার আয়োজন। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, তথ্য আদান-প্রদানের মাধ্যমে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে। হবিগঞ্জ থেকে মাদক ও অপরাধ নির্মূলে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, বিশৃঙ্খলা ও অন্যায়-অবিচার বড় বাধা। জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। একটি শান্তিপূর্ণ হবিগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের মতামত, পরামর্শ ও সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন