সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ স্বজনদের সহায়তায় ছিনিয়ে নেওয়া একাধিক মামলার পলাতক আসামি আসির মিয়া (৩০) অবশেষে সুনামগঞ্জ শহর থেকে আটক হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে পুলিশ। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশনসহ গোয়েন্দা শাখার সদস্যরা এবং সদর থানার এসআই জহির হোসেন অভিযানে অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ, পিপিএম।
আটক আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর আসির মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিষয়টি প্রচার করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য ও কৌশলগত তৎপরতার মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে সুনামগঞ্জ শহর থেকে আটক করা সম্ভব হয়।
আসির মিয়াকে আটকের পর বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
