
প্রতীকী ছবি: এআই
সিলেটের প্রবাসীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সরকার। পাশাপাশি বিমানবন্দরে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম গঠনের কাজ চলছে। বৈধ-অবৈধ নির্বিশেষে বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রবাসীদের সমস্যা সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটের পর্যটন ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু হয়েছে। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, জালাল আহমদ, সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও সাখাওয়াত হাসান জীবনসহ সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা বৃহত্তর জালালাবাদ অঞ্চলের উন্নয়ন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বিদেশে মৃত্যুবরণকারী সব প্রবাসীর পরিবারের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।