কখনো ছোট একটা চিন্তা থেকেই মনের মধ্যে শুরু হয় হাজারো প্রশ্ন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হলো, পরের দিন অফিসের প্রেজেন্টেশনে ভুল হলে কী হবে! ব্যস সেখান থেকেই শুরু। সবাই কী ভাববে, বস রেগে যাবেন কি না, নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না-এমন নানা আশঙ্কা ঘুরপাক খেতে থাকে মাথায়।
অথচ যে ঘটনা নিয়ে এত চিন্তা, সেটি আদৌ ঘটেনি! এই অভ্যাসকেই বলা হয় ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করা। অনেকেই ভাবেন, জোর করে চিন্তা বন্ধ করলেই বুঝি সমস্যা মিটবে। কিন্তু মনোবিদদের মতে, চিন্তাকে জোর করে থামানোর বদলে তাকে চিনতে শেখা এবং নিজের ভাবনার ধরন বদলানো বেশি কার্যকর হতে পারে। ওভারথিংকিং সামলাতে কোন ৭টি কৌশল কাজে আসতে পারে?
প্রথমে বুঝুন, আপনি অতিরিক্ত চিন্তা করছেন
ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা কমানোর প্রথম ধাপ হলো নিজের চিন্তার ধরন সম্পর্কে সচেতন হওয়া। কোনো একটি বিষয় নিয়ে বারবার ভাবছেন কি না, একই আশঙ্কা ঘুরিয়ে-ফিরিয়ে মাথায় আসছে কি না, খেয়াল করুন।
যেমন, পরের দিন প্রেজেন্টেশন দিতে হবে বলে মনে হলো, ‘যদি ভুল করি?’ সেখান থেকে ভাবতে শুরু করলেন, ‘সবাই হাসবে’, ‘আমাকে অযোগ্য ভাববে’। এই পরিস্থিতিতে নিজেকে মনে করিয়ে দিন, ‘আমি এখন অতিরিক্ত চিন্তা করছি। বাস্তবে এখনো এমন কিছু ঘটেনি।’ নিজের চিন্তাকে চিহ্নিত করতে পারলে আবেগের বশে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা কমতে পারে।
চিন্তাকে একটা নাম দিন
মাথায় আসা প্রতিটি চিন্তাই যে সত্যি, এমন নয়। অনেক সময় ভয়, উদ্বেগ কিংবা নিরাপত্তাহীনতা থেকেই নানা নেতিবাচক ভাবনা তৈরি হয়। তাই কোনো চিন্তা মাথায় এলে সেটিকে বাস্তব বলে ধরে না নিয়ে তার উৎস বোঝার চেষ্টা করুন। ধরুন, কোনও বন্ধু আপনার মেসেজের উত্তর দিচ্ছেন না।
আপনি ভাবতে শুরু করলেন, ‘ও কি আমার উপর রেগে আছে?’ কিংবা ‘আমি কি কোনো ভুল করেছি?’ তখন নিজেকে বলুন, ‘এটি আমার উদ্বেগ থেকে তৈরি হওয়া একটি চিন্তা, বাস্তব সত্য নয়।’ চিন্তাকে এ ভাবে আলাদা করে দেখতে শিখলে অকারণ মানসিক চাপ কমতে পারে।
নিজের নিয়ন্ত্রণে যা রয়েছে, তাতেই মন দিন
ওভারথিংকিংয়ের অন্যতম কারণ হলো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা। কী হবে, কী হতে পারে, অন্যেরা কী ভাববে-এ সব প্রশ্নের উত্তর সব সময়ে আমাদের হাতে থাকে না। মনোবিদদের পরামর্শ, যে বিষয়গুলো নিজের নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলোর ওপর মনোযোগ দেওয়া জরুরি। যেমন পরীক্ষায় ভালো ফল হবে কি না, তা আগে থেকে নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু নিয়মিত পড়াশোনা, প্রস্তুতি এবং পর্যাপ্ত বিশ্রাম নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে প্রস্তুতির দিকে নজর দিন।
চিন্তার জন্য নির্দিষ্ট সময় রাখুন
সারাদিন একই বিষয় নিয়ে ভাবতে থাকলে মানসিক ক্লান্তি বাড়তে পারে। তাই চিন্তা করার জন্য দিনের একটি নির্দিষ্ট সময় বেছে নিতে পারেন। প্রতিদিন ১৫-২০ মিনিট নিজের দুশ্চিন্তাগুলো নিয়ে ভাবুন। চাইলে ডায়েরিতে লিখেও রাখতে পারেন, ঠিক কী কারণে মন খারাপ হচ্ছে বা কোন বিষয়টি আপনাকে ভাবাচ্ছে। অন্য সময়ে একই চিন্তা মাথায় এলে নিজেকে বলুন, ‘এটি নিয়ে নির্দিষ্ট সময়ে ভাবব।’ এতে চিন্তার জন্য সারাদিন সময় ব্যয় করার প্রবণতা কমতে পারে। তবে নির্দিষ্ট সময়ের বাইরে উদ্বেগ এলে সেটিকে জোর করে দমন করার প্রয়োজন নেই।
নিজের নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করুন
ওভারথিংকিংয়ের সময়ে অনেকেই কোনো প্রমাণ ছাড়াই সবচেয়ে খারাপ পরিস্থিতি কল্পনা করতে শুরু করেন। যেমন, কোনো সম্পর্ক খারাপ হলে ভাবেন, ‘আমি হয়তো ভালোবাসার যোগ্য নই।’ কিন্তু সত্যিই কি একটি সম্পর্কের ব্যর্থতা আপনার ব্যক্তিত্ব বা যোগ্যতা নির্ধারণ করে? নিজেকে এই ধরনের প্রশ্ন করুন।
কোনো নেতিবাচক চিন্তা মাথায় এলে ভাবুন, এর পক্ষে কী প্রমাণ রয়েছে? অন্য কোনো ব্যাখ্যা হতে পারে কি? এ ভাবে নিজের ভাবনাকে যাচাই করলে অযৌক্তিক ভয় ও নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসা সহজ হতে পারে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি-তেও এই ধরনের চিন্তার ধরন নিয়ে কাজ করা হয়।
মনকে ফিরিয়ে আনুন বর্তমান মুহূর্তে
অতীতের ভুল নিয়ে অনুশোচনা কিংবা ভবিষ্যতের আশঙ্কা-ওভারথিংকিংয়ের সময়ে মন প্রায়ই বর্তমান থেকে সরে যায়। তাই মনকে শান্ত করতে মাইন্ডফুলনেস বা গ্রাউন্ডিং অনুশীলন করতে পারেন। গভীর শ্বাস নিন, আশপাশের পরিবেশের দিকে মনোযোগ দিন। চাইলে ৫-৪-৩-২-১ গ্রাউন্ডিং পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে চোখের সামনে থাকা পাঁচটি জিনিস খেয়াল করুন। তার পর চারটি জিনিস স্পর্শ করুন, তিনটি শব্দ শুনুন, দুটি গন্ধ অনুভব করুন এবং একটি স্বাদের দিকে মন দিন। এই অনুশীলন মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
নিজের প্রতি সদয় হোন
অতিরিক্ত চিন্তা করার জন্য নিজেকে দোষারোপ করবেন না। অনেকেই ভাবেন, ‘আমি এত দুর্বল কেন?’ কিংবা ‘অন্যেরা পারলে আমি পারি না কেন?’ কিন্তু নিজেকে বারবার দোষ দিলে উদ্বেগ আরও বাড়তে পারে। বরং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন। নিজেকে বলুন, ‘আমি সব কিছু নিখুঁত ভাবে করতে পারব না, তবে চেষ্টা করছি।’ ভুল হলে নিজেকে ক্ষমা করতে শিখুন। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। মনে রাখবেন, নিজের প্রতি সদয় হওয়া মানে ভুলকে প্রশ্রয় দেওয়া নয়, বরং ভুল থেকে শেখার সুযোগ তৈরি করা।
ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা কোনো দুর্বলতার পরিচয় নয়। তবে অতিরিক্ত চিন্তা যদি প্রতিদিনের জীবন, কাজ, সম্পর্ক কিংবা ঘুমের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তা হলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া জরুরি।
নিজের চিন্তাকে চেনা, নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় ছেড়ে দেওয়া এবং বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজন হলে মনোবিদ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন। সূত্র: ভেরি ওয়েল মাইন্ড, মিডিয়াম, হেলথ লাইন
