অভিনব কায়দায় ছাগল চুরি: ৩ ছাগলসহ প্রাইভেটকার জব্দ

সিলেটের ওসমানীনগরে চুরির সন্দেহে তিনটি ছাগলসহ একটি প্রাইভেটকার আটক করেছে স্থানীয় জনতা। সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর ডিগ্রি কলেজের সামনে গাড়িটি আটক করা হয়। তবে গাড়ি রেখে চালকসহ চোরচক্রের তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থেকে সিলেট অভিমুখী একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৫-৭২-৮৬) ১৯ মাইল বাজার এলাকায় অত্যন্ত বেপরোয়া গতিতে উল্টো পথে (রং সাইড) অন্য একটি গাড়িকে ওভারটেক করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে অন্য গাড়ির চালক তাৎক্ষণিকভাবে গোয়ালাবাজার স্ট্যান্ডের চালকদের খবর দেন।

খবর পেয়ে গোয়ালাবাজার স্ট্যান্ডের শ্রমিক ও স্থানীয় লোকজন তাজপুর ডিগ্রি কলেজের সামনে অবস্থান নেন। সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে সেটির গতি রোধ করা হয়। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে জনতা গাড়িটি ঘিরে ফেলার আগেই চালক ও ভেতরে থাকা দুই আরোহী দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা গাড়ির দরজা খুলে ভেতরে তিনটি ছাগল দেখতে পান।

গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ডের সভাপতি কাইয়ুম গজনভী জানান, আমাদের স্ট্যান্ডের এক চালক ওই সন্দেহজনক গাড়িটির বেপরোয়া গতির বিষয়ে আমাদের সতর্ক করেন। আমরা দ্রুত তাজপুর কলেজের সামনে গাড়িটির পথ আটকে দিই। তবে আমরা পৌঁছানোর আগেই গাড়িতে থাকা তিনজন পালিয়ে যায়। ভেতরে ৩টি বড় ছাগল পাওয়া গেছে।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও ছাগলগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত ছাগলগুলোর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ছাগলগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গাড়ি ও ছাগলগুলো জব্দ করেছে। বর্তমানে ছাগলগুলোর প্রকৃত মালিকের সন্ধান করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে।

এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহাসড়কে প্রাইভেটকার ব্যবহার করে এমন অভিনব কায়দায় ছাগল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন