পালিয়ে যাবার ১৪ দিন পর ১২ বছরের প্রেমিকা উদ্ধার, প্রেমিক গ্রেফতার

এক সন্তানের জনক প্রেমিকের হাত ধরে পালায় ১২ বছরের কিশোরী প্রেমিকা। ঘটনার ১৪ দিন পর ওই কিশোরীকে উদ্ধার ও প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে উদ্ধার কিশোরী এবং গ্রেফতার প্রেমিককে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃত ওই প্রেমিকের নাম কামাল হোসেন (৩০)। তিনি উপজেলার চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
এর আগে সোমবার (৩০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালিপুর এলাকায় অভিযানে কিশোরীকে উদ্ধার এবং প্রেমিককে গ্রেফতার করে র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ একটি দল। গত ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরীর দাদা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দারা জানান,‎ পার্শ্ববর্তী এলাকা হওয়ার সুবাদে মাঝেমধ্যে কিশোরীর বাড়িতে যাতায়াত করত বিবাহিত কামাল হোসেন। সেখান থেকে উভয়ের পরিচয় হয়। সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

এরপর তা গড়ায় স্থানীয় বিচার সালিশে। সালিশে কামাল হোসেন কিশোরীর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না বলে অঙ্গীকার করে। কিন্তু গেল ১৬ মার্চ রাতে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় ওই কিশোরী।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাতে কামাল হোসেন ভুক্তভোগী কিশোরীকে ফুঁসলিয়ে বিভিন্নরকম ভুল বুঝিয়ে অন্যান্য বিবাদীদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় দেখতে পায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, ওই কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছিল। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত কামাল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে উদ্ধার কিশোরী এবং গ্রেফতার প্রেমিকের দাবি, তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন