পানির নিচে বিদ্যালয় মাঠ, ব্যাহত পাঠদান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয় মাঠ ও শ্রেণিকক্ষের আশপাশে পানি জমে থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ একটি প্রভাবশালী মহল জোরপূর্বক বন্ধ করে দেওয়ায় বৃষ্টির পানি বের হতে পারছে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে।”

স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি জলাবদ্ধতার সমস্যায় ভুগলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে পানি জমে যায়, ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়ে। তিনি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন জরুরি।”

এদিকে অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে বিদ্যালয়ের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আর বিলম্ব করা উচিত নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন