হাওর বেষ্টিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে মৃত্যু না হয় সে লক্ষ্যে সাঁতার শেখানো ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের তাহিয়া একাডেমির উদ্যোগে অনন্তপুর দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ উদ্বোধন করেন।
তাহিয়া একাডেমির আয়োজনে দ্বিতীয় বর্ষে বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে শিশু-কিশোরদের মধ্যে সাঁতার প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে বিভিন্ন গ্রামের ক্ষুদে প্রশিক্ষণার্থী সহ শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী শেখ এহসান তালুকদার, বাহাউদ্দিন খোকন, বিএনপি নেতা নোমান আহমদ প্রমূখ। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা শিশুদের পানিতে নিরাপত্তা এবং সাঁতারের গুরুত্ব তুলে ধরেন। আয়োজক প্রতিষ্ঠান তাহিয়া একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ভাবে এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং আগামীতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক শফিউল আলম।
