পাসপোর্ট আবেদনে হয়রানির অভিযোগ, দালালের মাধ্যমে হলে মিলছে সহজ সেবা

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট আবেদন জমা দিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। তার অভিযোগ, দালালের মাধ্যমে আবেদন করলে দ্রুত ও সহজে সেবা পাওয়া গেলেও সাধারণ আবেদনকারীদের নানা অজুহাতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বাহুবল উপজেলার ওলিপুর এলাকার বাসিন্দা নাইম পাসপোর্টের আবেদন জমা দিতে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। এ সময় তার আবেদনপত্র গ্রহণে আপত্তি তোলেন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ‘রাস্তা ব্লক সেক্টর’ সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে তার ফাইল আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী নাইম বলেন, আমার দেওয়া ঠিকানা ও তথ্যের মতো একই ধরনের অনেক আবেদন নিয়মিত গ্রহণ করা হচ্ছে। কিন্তু আমার আবেদনের ক্ষেত্রে অযৌক্তিকভাবে সমস্যা দেখিয়ে ফাইল গ্রহণ করা হয়নি। আমি একাধিকবার বিষয়টি বুঝিয়ে বললেও কোনো সমাধান পাইনি। এতে আমাকে অকারণে হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অফিসে কিছু দালাল সক্রিয় রয়েছে। তাদের মাধ্যমে গেলে সহজে কাজ হয়ে যায় বলে অনেকেই জানান। কিন্তু নিজে আবেদন করতে গেলে নানা ধরনের জটিলতা তৈরি করা হয়। সাধারণ মানুষ এতে ভোগান্তিতে পড়ছে।

পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা আরও কয়েকজন আবেদনকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন কারণে আবেদনপত্র সংশোধন, তথ্য যাচাই কিংবা ফাইল গ্রহণের ক্ষেত্রে অনেক সময় অপ্রয়োজনীয় জটিলতার মুখোমুখি হতে হয়। ফলে দালালচক্রের ওপর নির্ভরশীলতা বাড়ছে। এ বিষয়ে জানতে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক নুরুল হুদার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে ভুক্তভোগীরা পাসপোর্ট অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ আবেদনকারীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন