- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ফ্লাইটে যাত্রীদের হৈচৈ, খাবার দেওয়া-নেওয়া নিয়ে বিতর্ক

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে যাত্রীদের আসন ছেড়ে দাঁড়িয়ে চলাফেরা, একে অপরের মধ্যে খাবার দেওয়া-নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভিডিওটি দেখে কেউ কেউ উড়োজাহাজের ভেতরের পরিস্থিতির সঙ্গে লোকাল ট্রেনের তুলনা করেছেন। নীরজ প্রিয়াঙ্কা চৌধুরী নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেন। তার দাবি, থাইল্যান্ডের ক্রাবি থেকে নয়াদিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, সামনের কয়েক সারিতে বসা যাত্রীদের কেউ কেউ নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনের সারিতে থাকা স্বজনদের সঙ্গে কথা বলছেন।

কেউ কেউ এক সারি থেকে অন্য সারিতে খাবার নিয়ে তা অন্যদের হাতে তুলে দিচ্ছেন। এ সময় দুই কেবিন ক্রুকে যাত্রীদের নিজ নিজ আসনে ফিরে যেতে বলতে দেখা যায়।

প্রিয়াঙ্কা চৌধুরীর দাবি, বারবার নির্দেশ দেওয়ার পরও কয়েকজন যাত্রী চলাফেরা ও কথা বলা অব্যাহত রাখেন। তার ভাষ্য, ১ থেকে ৫ নম্বর সারির যাত্রীরা জোরে কথা বলছিলেন, কেবিনে ঘোরাফেরা করছিলেন এবং খাবার ভাগাভাগি করছিলেন। এ সময় ঝাঁকুনির কারণে সিটবেল্টের সংকেত জ্বলছিল বলেও দাবি করেন তিনি।

ভিডিওর ক্যাপশনে চৌধুরী লেখেন, যাত্রীদের আচরণে পুরো ফ্লাইটে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কেবিন ক্রুর বারবার নির্দেশ উপেক্ষা করা হচ্ছিল।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কেবিন ক্রুর নির্দেশ অমান্য করার সমালোচনা করেছেন, বিশেষ করে সিটবেল্টের সংকেত জ্বলার সময় দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়ে। আবার কেউ কেউ ঘটনাটিকে হাস্যরসের সঙ্গে দেখেছেন।

চৌধুরী জানান, তিনি বিষয়টি কেবিন ক্রুদের নজরে আনার চেষ্টা করেছিলেন। যাত্রীদের বিমানে খাবার খাওয়ার বিষয়ে তার আপত্তি নেই; বরং তাদের আচরণ এবং নিরাপত্তা নির্দেশনা না মানার বিষয়েই তার অভিযোগ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন