পড়তে গিয়ে চীনা তরুণীকে বিয়ে, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন যুবক

উচ্চশিক্ষার উদ্দেশ্যে সুদূর চীন দেশে গিয়েছিলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের যুবক সুকান্ত সেন।

পড়াশোনা শেষে সেখানেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি ঘটিয়ে চীনা তরুণী ক্রিস হুইকে বিয়ে করে দীর্ঘদিন পর হেলিকপ্টারে নববধূকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হেলিকপ্টারে নববধূসহ সুকান্তের বাড়ি ফেরাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। বিদেশি নববধূকে এক নজর দেখতে বরের বাড়িতে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, টিকরপাড়া গ্রামের স্বপন কুমার সেনের ছেলে সুকান্ত সেন পড়াশোনা শেষে চীনেই চাকরিতে যোগ দেন। এ সময় ২০২৩ সালে চীনা তরুণী ক্রিস হুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনের প্রচলিত রীতিতে তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়।

বিয়ের পর সুকান্ত চাকরি ছেড়ে দেন। বর্তমানে স্বামী-স্ত্রী মিলে চীনে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চীনের চিং হাই প্রদেশে জন্মগ্রহণ করা ক্রিস হুই চাকরির সুবাদে দেশটির অন্যতম বড় শহর সাংহাইয়ে অবস্থান করতেন। বিয়ের পর বাংলাদেশে আসার প্রবল আগ্রহ থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় সে সময় বাংলাদেশে আসতে পারেননি নবদম্পতি। অবশেষে বাংলাদেশে এসে শ্বশুরবাড়ির পরিবেশ ও মানুষের আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিস হুই।

সুকান্তের ছোট বোন ঐশী সেন বর্তমানে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ ছিল তার ভাবীর। পরিবারের সদস্যরাও ক্রিস হুইয়ের আন্তরিকতা ও সৌজন্যে সন্তুষ্ট বলে জানান তিনি।

চায়নিজ নববধূ গ্রামে আসার খবর ছড়িয়ে পড়লে টিকরপাড়া গ্রামে সুকান্তের বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। অনেকেই বিদেশি নববধূকে দেখতে বাড়িতে আসেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। স্থানীয়দের মতে, এলাকায় এমন ঘটনা বিরল হওয়ায় কৌতূহল ও আনন্দে মানুষজন ভিড় করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন হলেও বাংলাদেশে হিন্দু ধর্মীয় রীতিতে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয়েছে। আগামীকাল (২১ ফেব্রুয়ারি) গায়ে হলুদ এবং ২২ ফেব্রুয়ারি স্থানীয় বিষ্ণুপদ ধাম মন্দিরে সুকান্ত ও ক্রিস হুইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ উপলক্ষে সেন বাড়িতে চলছে ব্যাপক প্রস্তুতি। ভিনদেশি নববধূকে ঘিরে পরিবার ও এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন