আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রায় ১৯ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার চন্ডী এলাকায় আনুষ্ঠানিক বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. মঈনুল হক। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার । এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি আরও শক্তিশালী হবে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, জাতীয় কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১৯ হাজার গাছ রোপণ করা হবে। এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা হবে।
পরে জেলা প্রশাসকসহ অতিথিরা আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
