পর্যটন উন্নয়নে রেমা-কালেঙ্গা ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার

হবিগঞ্জ জেলার পর্যটন খাতের সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যে দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এলাকা রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। শুক্রবার সকালে তিনি পরিদর্শনে যান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

পরিদর্শনকালে তারা অভয়ারণ্যের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং বিদ্যমান পর্যটন অবকাঠামোর সার্বিক অবস্থা ঘুরে দেখেন। বনভূমির নৈসর্গিক পরিবেশ, বিরল প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণীর উপস্থিতি এবং পর্যটকদের আকর্ষণের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভাগীয় কমিশনার বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মোহসীন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেমা-কালেঙ্গা অভয়ারণ্যকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলায় পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এ অঞ্চলটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারের সুদৃষ্টি ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে রেমা-কালেঙ্গা অভয়ারণ্যকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন