- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

পোষা কুকুরের ইশারায় গাছের নিচ মিলল নবজাতক

ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে পোষা কুকুর নিয়ে হাঁটার সময় সান্দ্রা নামের ৫৮ বছর বয়সী এক নারী শিশুটিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে।

ইতালীয় সংবাদমাধ্যম Corriere della Sera ও La Repubblica থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সান্দ্রা তাঁর পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন। এ সময় কুকুরটি রাস্তার পাশে একটি গাছের নিচে রাখা নীল রঙের প্লাস্টিকের ব্যাগের কাছে গিয়ে ঘ্রাণ নিতে শুরু করে।

প্রথমে ব্যাগের ভেতরে কুকুরের ছানা থাকতে পারে বলে ধারণা করেছিলেন সান্দ্রা। কিন্তু ব্যাগটি নড়াচড়া করতে দেখে তিনি সেটি খুলে ভেতরে একটি নবজাতককে দেখতে পান।

সান্দ্রার ভাষ্য অনুযায়ী, ব্যাগটি দুটি শক্ত গিঁট দিয়ে বাঁধা ছিল। শিশুটিকে একটি চাদরে মোড়ানো হয়েছিল। ব্যাগের ফাঁকা জায়গাগুলো মোজা ও সোয়েটার দিয়ে পূর্ণ করা ছিল। ব্যাগ খোলার পর শিশুটি জোরে কেঁদে ওঠে।

শিশুটিকে উদ্ধারের পরপরই জরুরি সেবা নম্বর ১১২-তে ফোন করেন সান্দ্রা। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত জরুরি সেবার অপারেটরের নির্দেশনা অনুযায়ী নিজের সোয়েটার দিয়ে শিশুটিকে জড়িয়ে উষ্ণ ও সজাগ রাখার চেষ্টা করেন তিনি।

পরে শিশুটিকে মিলানের নিগুয়ার্দা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরের তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। তাকে উষ্ণ করার প্রয়োজনীয় চিকিৎসা ও হালকা অক্সিজেন সহায়তা দেওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত এবং বিশেষ তত্ত্বাবধানে রয়েছে।

এদিকে, শিশুটিকে কে বা কারা সেখানে রেখে গেছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে পরিচয় গোপন রেখে হাসপাতালে নিরাপদে সন্তান প্রসব এবং নবজাতককে রেখে যাওয়ার আইনি সুযোগ রয়েছে। এমন ব্যবস্থা থাকা সত্ত্বেও শিশুটিকে এভাবে ব্যাগে ভরে ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন