- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

পত্রিকা বিক্রেতার ঘর মেরামতে প্রবাসী বদরুল তালুকদারের মানবিক সহায়তা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বিরামচর গ্রামের বাসিন্দা পত্রিকা বিক্রেতা মোঃ কদর আলীর ঘর মেরামতের জন্য টিন প্রদান করেন প্রবাসী বদরুল আলম তালুকদার৷

গত বুধবার বিকেলে ফ্রান্স প্রবাসী সমাজসেবক, ক্রীড়া সংগঠক এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, কদর আলীর বসতঘরটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। বৃষ্টি হলেই তাকে চরম ভোগান্তিতে পড়তে হতো। বিষয়টি জানতে পেরে প্রবাসে অবস্থান করেও বদরুল আলম তালুকদার মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ান এবং নিজ অর্থায়নে টিন পাঠানোর ব্যবস্থা করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত কদর আলী বলেন, আমার ঘরটি অনেকদিন ধরে ভাঙা ছিল। বৃষ্টি হলে খুব কষ্ট হতো। বদরুল আলম তালুকদার আমার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন। আমি তার মঙ্গল কামনা করি।

এলাকাবাসী জানান, প্রবাসে থাকলেও বদরুল আলম তালুকদার সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখের খোঁজ রাখেন এবং নিয়মিত সহায়তার হাত বাড়িয়ে দেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কদর আলীর হাতে টিন তুলে দেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন